নাভি-মূলের নক্ষত্র । মৌ মধুবন্তী
যেখানে আঁধার ঘনীভূত হয়ে মহাকাশ গড়ে তোলে,
সেথা এক নিভৃত গুহায় জীবনের প্রথম প্রদীপ জ্বলে।
তুমি সেই আদিম সমুদ্র, যার নোনাজলের ঢেউয়ে
আমি বেড়ে উঠি অলক্ষ্যে, অস্তিত্বের বীজটুকু নিয়ে।
তুমি মৃত্তিকা, আমি তার গভীরে এক অন্ধ শিকড়,
তোমার হৃৎপিণ্ড ছিল আমার প্রথম নির্জন ঘর।
নাড়ির বাঁধন যেন এক অনাদি ও অনন্ত সেতু,
যেখানে ঝড়ের দিনেও ওড়ে অভয়-শান্তি-কেতু।
তুমি আকাশ, যার নীলিমায় আমার প্রথম বিচরণ,
তোমার হাতের স্পর্শে মেটে সব তৃষ্ণার দহন।
পৃথিবীর সব পথ যখন ধূসর মরুভূমি হয়ে রয়,
তোমার আঁচল তখন সুশীতল এক অরণ্য-আশ্রয়।
মহাকালের পাতায় তুমি এক অবিনশ্বর শ্লোক,
আমার চোখের তারায় ফোটাও ধ্রুবতারার আলোক।
মমতার সেই আশ্চর্য রসায়নে তুমি হলে ঋদ্ধ,
তুমি ছাড়া এ বিশ্ব-সংসার চিরকালই অপূর্ণ-বিদ্ধ।
