একটি সুন্দর সকালের প্রত্যাশায়
সপ্নীল ভালবাসায় আমার আমিত্বকে লালন করি অহির্নিশ,
আমার স্বপ্নচূড়ায় আমি নিজেই স্থাপন করি বর্ণিল উষ্ণীষ!
কখনও মুখ থুবড়ে পড়ি, কখনও সপ্তর্ষীমন্ডলে স্থির হয়ে ভাবি নিজেকে অরুন্ধতী,
কখনও উত্থান হয় সরীসৃপের শীতলতায় আশার অমরাবতী!
নির্মেঘ আকাশে রৌদ্র করোজ্জ্বল সোনালী সকাল দেখা হয় না কতদিন,
বিকেলের সোনারোদে শিরিষের ঝিরিঝিরি ছায়ার মায়া স্পর্শে অমলিন!
কতকাল শোনা হয় না জাগ্রত জোছনায় নিঃশব্দ চরাচরে খেয়ালী বাঁশি,
দেখা হয় না সবুজের সমারোহে অবুঝ শিশুর নির্মল মিষ্টি হাসি!
আমার দৃষ্টির সীমানায় একটা দাঁড়কাক ডেকে যায় মধ্যাহ্নের শুরুতে,
আমার জানালায় একটা লক্ষ্মী পেঁচা ঝিম ধরে বসে থাকে সন্ধ্যার আলো আঁধারিতে!
একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমি ঘুমুই- মধ্যরাতে দুঃস্বপ্নের অলিগলিতে ভয়ার্ত বিচরণ,
সকল বোধগুলো অবশ করে দেয় ক্রমশঃই, বন্ধ কপাটে মাথা খুঁড়ে চলে অচেনা আচরণ!
ভোরের বাতাসে আতংকিত থাকি, আশান্বিত হই মুঠোফোনের সুরেলা নিনাদে,
আশারা উন্মাতাল চলায় হোঁচট খেয়ে খেয়ে উঠে দাঁড়ায় এলোমেলো সংবাদে!
সুন্দর সকালেরা কি দূর বহুদূর, যোজন যোজন দূর থেকে কেবলই দিয়ে যাবে হাতছানি?
ভালবাসা, ভাললাগা, সুস্থ্যতার সকল আয়োজন সব সব কিছু নিঃশঙ্কে নিতে টানি?
এসো, একটা সুন্দর সকাল এসো- সকল দুঃখ-কষ্ট ভুলিয়ে পৃথিবীর সীমানায়-
বেঁধে নিবে সকাল গড়ানো দুপুর, দুপুর গড়ানো বিকেল, বিকেল গড়ানো রাত সুনিবিড় কোমল মায়ায়।।
এমনই এক সকালের প্রত্যাশায়,
রাত আসে, রাত যায়।।
