পতি পাঠে অপটু
ঘরে না ফিরলে, পাপোস বদলানোর সময় যে হয়ে গেছে, সে খবর কে রাখবে?
তোমার পা মুছতে গিয়ে তো কপাল কুঁচকে যাবে।
ঘরে তো ফিরতে হবে।
কেমনে বুঝবো , হিমঘরে উপুড় হয়ে শুয়ে থাকা
জমাট মুরগির পোটলাটা ফুরিয়ে গ্যাছে,
যদি ঘরে না ফিরি।
আটা,আলু, আদা সেগুলো ও তলানীতে
এই সংবাদ তোমাকে পাঠ করে শোনাতে
ঘরে তো ফিরতে হবে।
আমার কর্তব্য হীনতার আর অবাধ্যতার
লিস্টি ধরে কুষ্ঠী বিচারের কাজ তো অসম্পূর্ণ থেকে যাবে।
“গৃহ__ পাঠ” আর “পতি__ পাঠ” এই দুই পাঠে,
আমি যে পটু নই
সে রায় শোনার জন্য ও তো ঘরে ফিরতে হবে।
