স্বপ্নের সিঁড়ি

সমৃদ্ধির সুখ দেখা যায় পিরামিড চূড়ায়।
সমতলে ক্লান্ত জীবন
ঘামে ভিজে অবিরাম ছুটছে।
অথচ বেমালুম ভুলে যাই
কলস ভরা জলের মতো জীবন
খরচ হয়ে যাচ্ছে উদ্ভ্রান্ত তৃষ্ণায়
জীবনের প্রতিযোগিতায়।
পৃথিবীটা সুখের পটভূমি
ছোট ছোট সুখে চিরসুখী মানুষ সংসারে।
তবু সে স্বপ্নের সিঁড়ি ভাঙে
সুখের পেছনে ছোটে
বর্ণিল জীবনের হাতছানিতে
অসুখের খাদে পড়ে যায় অনায়াসে।
আজ বাড়ি তো কাল গাড়ি।
রসনায় ডুবে যায় জীবন
রসের হাঁড়িতে মৌমাছি যেমন।
পালক ভিজে জীবন হারায়
অথচ তার নিজস্ব একটি আকাশ ছিল, ভালোবাসা ছিল
জোছনার সমুদ্র ছিল অন্ধকারে।
